যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক তিনজনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (৪৮) ও নজরুল ইসলাম (৫০) এর বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জানালা ও সানসেটের কাচ ভেঙে যায় এবং একাধিক সিসি ক্যামেরা ভাঙচুর হয়। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা রফিক, শরিফুল ও নজরুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপের লোকজন তাদের টার্গেট করে থাকতে পারে। রফিকের ছেলে সুমন ইসলাম জানান, ‘রাতের দিকে ৭-৮ জন মোটরসাইকেলে আসে, তাদের মুখ বাঁধা ও হেলমেট পরা ছিল। কাউকেই চিনতে পারিনি।’
ঘটনার পর নজরুল ইসলাম ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব