লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকিদাতাকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।
বুধবার (১২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ও জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বিক্ষোভ ও মানববন্ধন করে। এই কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরের অবকাঠামোগত উন্নয়ন, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন, মাদক,অনিয়ম, দুর্নীতি ও আইনশৃংঙ্খার উন্নয়নে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনের ইটভাটার অভিযান, সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন করার কারণে এমন হুমকি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করা না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। হুমকিদাতাকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাকে চিহ্নিত করার কাজ চলছে ৷ তিনি আরো জানান সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাংবাদিক আব্বাছ হোসেনকে একাধিক নাম্বার থেকে কল করে তাকে ও তার পরিবারের লোকজনকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। পরে সাংবাদিক নিজেই বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আব্বাছ হোসেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ছাড়াও লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশ ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
রিপোর্টার্স২৪/এসএন