মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের বাসভবনে আগুন লেগেছে। ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ডাইনিং স্পেসের ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, বাসভবনে তিনি একাই থাকেন। আগুন লাগার সময় তিনি অফিসে ছিলেন এবং বাসভবনের গার্ড তাঁকে ঘটনার খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।
রিপোর্টার্স২৪/আরকে