নারায়ণগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ মোড় হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভ পর্যন্ত মিছিলটি যায়। শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কাউকে খুঁজে পাইনি। ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকার জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে নারায়ণগঞ্জ বিএনপি তা সফল হতে দেবে না।
আগামী দুই দিন জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড নেতারা।
রিপোর্টার্স২৪/আরকে