কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ.লীগ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কালা মিয়া লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের সদস্য।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল বের করে তারা। এতে বেশ কিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানান স্লোগান দেন। পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালা মিয়াকে আটক করে।
কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন




