লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি ও ভিডিও তৈরি করে তারা লকডাউন পালন করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেকে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।
অ্যনি বলেন, ’৪৭ সালের আওয়ামী লীগ—তাদের নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে নিজেই প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী—তাহলে পালিয়ে যেতে হবে কেন? রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি, আমাদেরকেও রাজনীতি করতে দেননি। সেই কারণেই আমরা বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের ও শেখ হাসিনার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন—যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেবেন। এখন তো তিনি নেই। তিনি পালিয়ে যাওয়ার আগে আত্মীয়স্বজনদের সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না—কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এই প্রজন্ম পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হাসিনার আমলে বহু নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।
রিপোর্টার্স২৪/এসএন