জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন হয়েছে।
এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রায় আটশ শিশু, নারী-পুরুষ। এদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদেপল্লী, হরিজনপল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ।
ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হয়।
এবারের ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।
পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। এ সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন