চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ,নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশেপদক প্রাপ্ত, মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ) বিকাল ৪:৪০মিনিটে নগরীর এভারকেয়ার হাসপাতালে ১০১ বছর বয়সে ইহকাল ত্যাগ করেছেন ।
তাঁর জন্ম ১৯২৫ সালে, রাউজানের উত্তর গুজরা ডোমখালী গ্রামে। গৃহী নাম ছিল লোকনাথ বড়ুয়া। বাবা প্রেম লাল বড়ুয়া ও মা মেনেকা রানী বড়ুয়ার ঘরে জন্ম নেয়া লোকনাথ বড়ুয়াই বর্তমানে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও ত্রয়োদশ সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির।
কিশোর বয়সেই মাকে হারান তিনি। ১৯৪৪ সালে উপ সংঘরাজ ভদন্ত গুণালঙ্কার মহাস্থবিরের নিকট জোবরা গ্রামে শ্রামণ্য ধর্মে দীক্ষা নেন। গুরু ভান্তে তাঁর নাম রাখেন ‘জ্ঞানশ্রী’। যার অর্থ-চমৎকার জ্ঞানের সৌকর্য। পাঁচ বছর পর ১৯৪৯ সালে গুরু গুণালঙ্কার মহাস্থবিরের উপাধ্যায়ত্বে উপসম্পদা লাভ করেন।তিনি প্রবজ্জ্যা ধর্মে দীক্ষিত হন ৮১ বছর বয়সে। দীর্ঘ ভিক্ষুত্ব জীবনে দেশ-বিদেশে তাঁর পাঁচ শতাধিক শিষ্য-প্রশিষ্য রয়েছেন। তাঁর নিজস্ব অর্থায়নে উত্তরবঙ্গসহ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ২০টির মতো অনাথ আশ্রম রয়েছে। সেখানে অসংখ্য দরিদ্র পরিবারের সন্তানদের থাকা-খাওয়াসহ বিনামূল্যে পড়ালেখার সুযোগ রয়েছে। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা হয়েছে তাঁর হাত ধরে। সর্বশেষ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টে নিজের প্রায় আড়াই কোটি টাকা দান করেছেন তিনি। আগামী শুক্রবার সংঘদান এবং ১৮ নভেম্বর পেটিকাবদ্ধ অনুষ্ঠান।
রিপোর্টার্স ২৪/মিতু