রিপোর্টার্স২৪ ডেস্ক : টানা কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট জেঁকে বসেছে। বিশেষ করে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে জমে উঠেছে শীতের আমেজ। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা ওঠানামা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় দেশের অন্যতম শীতপ্রবণ অঞ্চল তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে শৈত্যপ্রবাহের পূর্বাভাস না থাকলেও ক্রমেই কমতে থাকা তাপমাত্রা জনজীবনে তৈরি করেছে শীতের তীব্র প্রভাব।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগেও আক্রান্তের সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শিশুসহ বয়স্ক রোগীর ভিড় বাড়ছে। সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের অদূরবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের মাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসায় তাপমাত্রা দ্রুত নেমে গেছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সামনে শীত আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম