খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া। বৃহস্পতিবার বিকেল মানিকছড়ি উপজেলার গাড়ীটানা, তিনটহরী, মহামুনি ও গুইমারা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াদুদ ভুইয়া।
আওয়ামী লীগের সমালোচনা করে পথসভায় তিনি বলেন, দীর্ঘ আঠারো বছর মানিকছড়িতে কোন সভা সমাবেশ করতে পারি নি। বিএনপির বিগত শাসনামলে আমাকে ভোট দিয়ে আপনারা এমপি হিসেবে নির্বাচিত করেছেন। যার ফলে খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছি। তাই বিগত সময়ের কাজের মূল্যায়ন আপনারাই করবেন।
এখানে আমরা পাহাড়ি বাঙালি সকলে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। সকলের স্লোগান হোক এটাই- “পাহাড়ি-বাঙালি সবার ভোট-ধানের শীষের পক্ষে হোক”। এসময় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জামায়াতে কড়া সমালোচনা করে ওয়াদুদ ভুইয়া বলেন, জামায়াত নির্বাচনের নামে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জামায়াতের নেতারা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলে বেড়াচ্ছে। এই বিভ্রান্তিতে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মীর হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সহ জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন