নড়াইল প্রতিনিধি: নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছে এই থানাতে। তবে ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পরও প্রায় ৫ ধরে বছর বন্ধ রয়েছে কাজ।
এ বিষয়ে, এএসআই গৌরাঙ্গ বলেন, ভবনটির চারপাশে কোন সীমানা প্রাচীর নেই, আশেপাশে ঝোপ জঙ্গলে ভরা। ভবনের ছোট ছোট রুমগুলোতে তিন চারটি করে বেড (খাট) রাখা হয়েছে। তিনটি বেডে চারজন করে থাকতে হচ্ছে।
এএসআই রবিউল ইসলাম বলেন, দ্বিতীয় তলায় টিনের ছাউনির নিচে পলিথিন দিয়ে বসবাস করছি, বর্ষাকালে পানি পড়ে। অনেক সময় রুমের মধ্যে সাপ ব্যাঙ ও চলে আসে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আমরা ২৩ জন সদস্য এখানে কর্মরত রয়েছি। থাকতে অনেক সমস্যা হয়। নতুন ভবন পেলে সরকারি কাজে আরো গতি বাড়বে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু.সরোয়ার হোসেইন জানান, নড়াইল সদর উপজেলার ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির উপর ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের বিল প্রদানের জন্য আবেদন জানালে তাদেরকে কোনো অর্থ দেয়া হয়নি। যার কারনে ঠিকাদারদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর থেকে দীর্ঘ ৫ বছর যাবত বন্ধ রয়েছে ভবন নির্মাণ কাজ। সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। যা প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে করা সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে কাজও শুরু হবে।
রিপোর্টার্স২৪/এসএন