পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর ঝাউতলায় ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনার চিহ্ন শুক্রবার সকালে দেখতে পায় স্থানীয়রা । সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের এ ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।
তোফাজ্জল হোসেন নামের একজন অভিযোগ করে বলেন, শহীদদের প্রতি অসম্মান দেখাতে পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। স্মৃতিস্তম্ভ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক আছি। প্রশাসনের প্রতি দাবিভিডিও দেখে দায়ীদের শনাক্ত করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কারা এ কাজ করেছে তা জানা যায়নি। সকালে স্মৃতিস্তম্ভের নিচে আগুনের কালো দাগ দেখে তারা বিস্মিত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।’
ঘটনাস্থল পরিদর্শন করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ এসসি