লক্ষ্মীপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিদেশীদের প্রেসক্রিপশনে বাংলাদেশের মানুষ চলতে চায় না। দেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাইতো মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য আমরা দেশপ্রেমিক ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওঃ ইউসুফ আল মাহমুদ'র সঞ্চালনায় শহরের লিল্লাহ মসজিদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আগামীতে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটি। আমরা ইসলামী দলগুলো আর কোন চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবো না।
রেজাউল করীম বলেন, একটি দল রয়েছে, পূর্বে যারা ক্ষমতায় গিয়ে দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলো। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিসহ নানা অপরাধ করেছে। তারা আবারও ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। এদেশের ছাত্র-জনতা জীবন দিয়ে, ফ্যাসিস্ট বিদায় করেছে পুরনো বন্দোবস্তের জন্য নয়। নতুন সিস্টেম ও নতুন কাউকে ক্ষমতায় নিতে চায়। কারণ, দেশের মানুষ ৫৩ বছর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন দেখেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ পুরোনো সিস্টেম আর দেখতে চায় না। পুরোনো বউকে নতুন কাপড়ে সাজিয়ে এনে জনগণের সামনে উপস্থাপন করলেও জনগণ আর মেনে নেবেনা। তাই নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। পিআর কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের পূর্বেই দিতে হবে। বিদেশী অথবা দেশের কোন অপশক্তির ইশারায়, যদি এগুলো কার্যকর করা না হয়। তাহলে, ইসলামী আন্দোলন দেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ইউনুস খাঁন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন