শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লাকি দাশ।
অভিযান শেষে লাকি দাশ জানান, ট্রেড লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠান গোপনে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদামের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ছোট-বড় মিলিয়ে মোট ৪২ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দূষণবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে