| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:৩৯:০২:পূর্বাহ্ন  |  ১২৪৩৬৫৩ বার পঠিত
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর গ্রামে মাহবুল হোসেন (৪০) নামে কম্বোডিয়া প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। সম্প্রতি তিনি বিদেশ থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, স্থানীয় হুমায়ুনের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা লিজকৃত জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে টাকা ফেরত দেন। কিন্তু জমিতে ফসল থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ছাড়তে রাজি হননি বাটুল বিশ্বাস। এ নিয়ে শনিবার (১৫ নভেম্বর) সকালে সিরাজ মোল্লার সমর্থকরা জমি দখলে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বাটুল বিশ্বাসের সমর্থক মাহবুল হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে সিরাজ মোল্লা ও হুমায়ুনের সমর্থকরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেন। সেখানে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ইউপি সদস্য আলম মিয়া জানান, জমি নিয়ে বিরোধে শুক্রবার (১৪ নভেম্বর) রাতেই স্থানীয় মাতব্বরদের সঙ্গে বসে দু’পক্ষকে আলোচনায় আনা হয়েছিল। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪