ফরিদপুর প্রতিনিধি: “আমরা বৈষম্যের শিকার হতে চাই না, অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে”- এমন জোরালো দাবি তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ফরিদপুরে সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানান বক্তারা।
আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের কবি জসিমউদ্দিন হল রুমে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন নন-এমপিওভুক্ত মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা হয়েছে। প্রেস ক্লাব থেকে আমাদের পিটিয়ে রাতে বের করে দেওয়া হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর নানা দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুক বেঁধে ছিলেন, কিন্তু সেই দাবিগুলো পূরণ হয়নি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রবীণ শিক্ষকরা, যারা আমাদের উত্তরসূরি গড়ে তুলেছেন তাদেরও বঞ্চিত করা হয়েছে। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আজ আমরা জেগে উঠেছি, আমাদের আর দাবিয়ে রাখা যাবে না। আমাদের ন্যায্য অধিকার দিতে হবে, দিতেই হবে। ফরিদপুরের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি, এই আলোর পথ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।”
সম্মেলনে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মো. শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ, মো. হাবিবুল্লাহ রাজুসহ অনেকে।
সম্মেলন শেষে সালথা উপজেলার ইউসুফদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছায়েম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা




