স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক নেতা আশরাফুল আলমের (৩৮) কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দেন।
এ ঘটনায় গতকাল রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল আলম। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর এতমামপুর গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে কাঠ ব্যবসায়ী আশরাফুল আলমের ফোনে কল দেন এক ব্যক্তি। ফোনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তোর জন্য ছয়টি বুলেট বরাদ্দ আছে’।
এরআগে ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে ফোন করা হয়। সেদিন ওই ব্যক্তি বলেছিলেন, আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যে কোনো জায়গায় পড়ে থাকিবে।
এ বিষয়ে ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। এখন পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি’
তবে আশরাফুল আলমের অভিযোগ, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে ওই ফোন নম্বরে কল দেওয়া হয়। তবে নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
লিখিত অভিযোগের কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে খুব শিগগির আইনের আওতায় আনা হবে।
রিপোটার্স২৪/এসএমএন