চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে কালির বাজারের চরপোয়া সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, মুহূর্তের মধ্যেই ছয়টি দোকান সম্পূর্ণ এবং একটি আংশিকভাবে পুড়ে যায়। আশপাশের দোকানগুলো বাঁচাতে স্থানীয়রা কিছু দোকান ভেঙে আগুন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়েজ আহাম্মদ জানিয়েছেন, তার চারটি দোকান, চাচাতো ও জেঠাতো ভাইয়ের তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। অপর ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, তিনি এনজিও ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি চালাতেন এবং আগুনে দুইটি ঋণের কিস্তির টাকা পুড়ে গেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
রিপোর্টার্স২৪/আরকে