| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে আওয়ামী লীগ নেতার ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:১৩:৪৮:অপরাহ্ন  |  ১২৪১৬৫২ বার পঠিত
নাটোরে আওয়ামী লীগ নেতার ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

নাটোর প্রতিনিধি : নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নাজমুল হোসেন ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ও ইটভাটা ব্যবসায়ী। আবদুল খালেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘লকডাউন’ কর্মসূচির রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত গ্রামের অন্তত সাতটি স্থানে খড় ও পাটকাঠির পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে নির্জন স্থানে আগুন দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

আজ ভোরে নাজমুল হোসেন গ্রামে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ সময় কিছু লোকজন তাঁকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে নাজমুল হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রামের বাসিন্দা আবু জাফর বলেন, “গ্রামে অনেক দিন ধরে আগুন–সন্ত্রাস চলছে। কিন্তু কে বা কারা আগুন দিচ্ছে, তা বোঝা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা গতকাল থেকে রাতে পাহারার ব্যবস্থা করেছি। পাহারায় দায়িত্ব পালনকারীরাই ভোরে নাজমুল হোসেনকে আটক করেন। সে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল।”

তবে বেঁধে রাখা অবস্থায় নাজমুল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি নির্দোষ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে একটা কাজের জন্য বের হয়েছিলাম। আমি ইটভাটা ব্যবসায়ী। আমি কেন আগুন ধরাতে যাব?”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, “বেশ কয়েক দিন ধরে ওই গ্রামে রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ যাচাই করা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪