| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৮:১১:৪৯:পূর্বাহ্ন  |  ১৯৭৫৩৫০ বার পঠিত
রাঙামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বণ্টনে বৈষম্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ কোটা নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদ।

রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে সংগঠনটির ব্যানার নিয়ে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, মহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা অভিযোগ করেন, জেলা পরিষদ পরিচালিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা বণ্টন সংখ্যাগতভাবে অসামঞ্জস্যপূর্ণ এবং জাতীয় শিক্ষা নীতিমালার সঙ্গে অসংগতিপূর্ণ। এতে বহু মেধাবী প্রার্থী অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

চাকরি প্রত্যাশী অংশগ্রহণকারীরা বলেন, কোটা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত উপেক্ষা, নিয়োগে অনিয়মের অভিযোগ এবং স্বচ্ছতার অভাবের কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এটি দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবে, যাতে রাঙামাটির সাধারণ চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি পান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪