সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের সকল আন্দোলন-সংগ্রামে জীবন ও রক্ত দিয়েছে শ্রমিকেরা। জুলাই বিপ্লবে শহীদ হওয়াদের ৮০ ভাগই শ্রমিক-মজদুর। দেশে সেই শ্রমিকদের অধিকার এবং শ্রমিক রাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের অতিরিক্ত দালালির কারণে বাংলাদেশের রাজনীতি থেকে দুটি দল বিলুপ্ত হয়ে গেছে। আগামীতেও যারা ভারতের দালালি করবে, চাদাবাজি, দখলবাজি ও দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিতাড়িত করবে।
রবিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, ঢাকা, জাহাঙ্গিরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন ইসলামি ছাত্রশিবিরের পক্ষে নিরব বিপ্লব ঘটিয়েছে, তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ব্যালট বিপ্লব ঘটিয়ে দাড়িপাল্লাকে বিজয়ী করবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল বারি প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন