রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক নারী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামবস্তি–কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি এলাকায় দুটো সিএনজি অটোরিকশায় হাতির পাল হামলা চালায় বলে বনবিভাগ নিশ্চিত করেছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে কাপ্তাইয়ের দিকে যাত্রাকালে কামিলাছড়ি এলাকায় হঠাৎ একটি হাতির পাল সড়কে উঠে এসে যাত্রীবাহী সিএনজিগুলোর ওপর হামলা চালায়। এ সময় চালক দ্রুত সরে যেতে পারলেও সিএনজিতে থাকা দুই নারী হাতির আক্রমণে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে ঝর্ণা চাকমার মৃত্যু হয়।
রাঙ্গামাটি দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক বলেন, “কাপ্তাই–রাঙ্গামাটি সংযোগ সড়কের ঝড়াপাতা মোড় এলাকায় এবং কামিলাছড়ি এলাকায় দুটি সিএনজিতে বন্যহাতি আক্রমণ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুজন নারীকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি এবং দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠাই। নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।”
রাঙ্গামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, “হাতির আক্রমণে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
রিপোর্টার্স২৪/এসএন