রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে (কেপিএম) কর্মরত শ্রমিক–কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কারখানার প্রধান ফটকে অনুষ্ঠিত গেট মিটিংয়ে শ্রমিকরা তাদের দাবিগুলো উত্থাপন করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।
কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কেপিএম কারখানাকে পূর্বের মতো সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের জন্য এক কর্পোরেশন, এক বেতন কমিশন ঘোষণা করা অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের জন্য প্রদত্ত ৫% বিশেষ সুবিধা এবং ২০২৫ সালের জুলাই থেকে মূল বেতনের ওপর ১৫% সুবিধা শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা প্রদান করা হয়। পূর্বে শ্রমিকদের ক্ষেত্রেও তা প্রদান করা হতো, কিন্তু ২০২৩ সাল থেকে শ্রমিকরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না। তাই এটি অবিলম্বে প্রদান করতে হবে। এছাড়া শ্রমিক কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা দূর করে দ্রুত পদোন্নতি নিশ্চিত করতে হবে।
গেট মিটিংয়ে সিবিএর সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির, আবুল কাশেমসহ কারখানায় কর্মরত শতাধিক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম