বেনাপোল প্রতিনিধি : সন্তান ফর্সা হওয়ায় স্ত্রী সন্তানকে ত্যাগ করেছিলেন মোজাফফর। কিন্তু মায়ের দাবি সন্তানের বাবা মোজাফফরই। তাই এবার সন্তান আফিয়ার ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নিয়েছে যশোর পুলিশ। ইতোমধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত আফিয়ার বাড়িতে গিয়েছেন। আফিয়া ও তার মা মনিরা বেগম রোববার কোতোয়ালি থানায় উপস্থিত হন। আদালতের আদেশ নিয়ে দ্রুতই আফিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুধু তাই নয়, আফিয়া যদি মোজাফফরের সন্তান হিসেবে প্রমাণিত হয়, তাহলে মিথ্যা অপবাদ, স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা এবং পরিত্যাগের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার থানায় অবস্থানকালে আফিয়ার মা মনিরা বলেন, তিন বছরের শিশু আফিয়ার বাবা থাকতেও আজ নেই। আফিয়ার গায়ের রং শ্বেত হওয়ায় তাকে ছেড়ে চলে গেছে মোজাফফর। এতদিন নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিত। তখন কেউ পাশে ছিল না বলে আইনি ব্যবস্থা নিতে পারিনি। এখন অনেকেই সহযোগিতা করছেন ন্যায়বিচার পেতে।”
তিনি আরও বলেন, শুক্রবার আমাদের বাড়িতে পুলিশের একটি টিম আসে। নানা বিষয়ে খোঁজখবর নেয়। ওসি স্যার আমাকে রোববার থানায় আসতে বলেছিলেন, তাই এসেছি। তার সঙ্গে কথা বলেছি। আমি চাই সত্যটা স্পষ্ট হোক। শুধু তাই নয়-জাফফরের বিচার হোক।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, আফিয়ার বিষয়টি নিয়ে পুলিশ সুপার আমাকে দ্রুত ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আফিয়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও রাজি হয়েছেন। লিগ্যাল এইডের মাধ্যমে আদালতে আবেদন জানানো হবে। আদালতের আদেশ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।