চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর–বালিহুদা এলাকায় ভৈরব নদের ওপর নির্মিতব্য ব্রিজের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। সোমবার (১৭ নভেম্বর) মাধবপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার ব্রিজের সংযোগ সড়কে কয়েকটি গাইড পিলার স্থাপন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, পিলারগুলো মানসম্মত না হওয়ায় তারা আপত্তি তুললে হালকা চাপেই কয়েকটি ভেঙে পড়ে। এর পরপরই ঠিকাদার মাজেদুল ইসলাম, কামাল, নাজিরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মাইদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা রাখেন।
জানা গেছে, তাদের অভিযোগ তুলে ধরায় নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের মালিক মো. জাকাউল্লাহ ছয়জন গ্রামের বাসিন্দাকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাকাউল্লাহ বলেন, ‘সব কাজ নিয়ম মেনে করা হচ্ছে। স্থানীয় কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তেজিত করছেন।’
জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ‘রোববার রাতে বিষয়টি আমরা জেনেছি। দ্রুতই প্রকল্প এলাকায় গিয়ে পরিস্থিতি যাচাই করা হবে।’
রিপোর্টার্স২৪/এসএন