লক্ষ্মীপুর প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ হওয়ায় লক্ষ্মীপুরে উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। ফাঁসির রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিপ্লবী ছাত্র-জনতা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন এনসিপি নেতা জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, ছাত্রনেতা ইসমাইল হোসেন ফয়সাল, ইউসুফ আলম রিপন, জুনায়েদ হোসেন খান প্রমুখ।
তারা বলেন, খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়ায় জুলাই শহীদদের আত্মা শান্তি পেয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। ভবিষ্যতে আর কোন সরকার যেন হাসিনার মত ফ্যাসিস্ট না হয়ে ওঠে এই রায় তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। পলাতক হাসিনাকে অতিদ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই রায় জনসম্মুখে কার্যকর করার দাবিও জানান তারা ।
রিপোর্টার্স২৪/মিতু