রিপোর্টার্স২৪ডেস্ক : চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফোনে একের পর এক হত্যার হুমকি দিয়ে বেড়ালেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিপক্ষ, এমনকি থানার ওসিকেও হুমকি দিয়ে চলেছে পলাতক এই সন্ত্রাসী।
৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক হুমকিমূলক পোস্ট দিয়েছেন রায়হান। সর্বশেষ গত শুক্রবার রাতে পাথর ব্যবসায়ী মো. একরামকে ফোন করে তিনি বলেন, ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবো।’ একরাম জানান, সাজ্জাদ বাহিনীর সদস্যদের ধরিয়ে দেওয়ার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।
অবস্থার শঙ্কায় ব্যবসায়ীর স্ত্রী জানান, হুমকির পর স্বামী নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ কমিশনার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, রায়হানের হুমকির বিষয়ে পুলিশ অবগত আছে এবং ব্যবসায়ী মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হান একাধিক হত্যা মামলার আসামি। স্থান বদলে হুমকি দেওয়ায় তাকে ধরতে সময় লাগছে।
একের পর এক হত্যাকাণ্ডে রায়হানের নাম গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি
একের পর এক হত্যাকাণ্ডে রায়হানের নাম
গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর প্রচারে থাকা সরোয়ার হোসেন বাবলাকে গুলি করে হত্যার আগে তাকে ফোনে হুমকি দিয়েছিল রায়হান। একইভাবে ২৫ অক্টোবর যুবদল কর্মী আলমগীর আলমকেও গুলি করে হত্যা করা হয়—যে মামলাতেও রায়হানকে আসামি করা হয়েছে।
ছোট সাজ্জাদের ছায়ায় বেড়ে ওঠা
কারাগারে ছোট সাজ্জাদের সঙ্গে পরিচয়ের পর থেকেই রায়হান বেপরোয়া হয়ে ওঠে। পাহাড়ি এলাকায় তার আস্তানা রয়েছে, সেখান থেকেই এসে গুলি করে ফের নিরাপদ স্থানে পালিয়ে যায়।
পুলিশকেও হুমকি
রাউজান থানার ওসি মনিরুল ইসলামকে লক্ষ করে রায়হান ফেসবুকে লিখেছিল, ‘মামলা বাণিজ্য বন্ধ করুন… পরিস্থিতি কন্ট্রোলের বাইরে যাবে।’ ওসি জানান, বিষয়টি নজরে আছে এবং তাকে ধরতে অভিযান চলছে।
কে এই রায়হান
রায়হান রাউজান উপজেলার জুরুরকুল এলাকার বাসিন্দা। ছোট সাজ্জাদ বাহিনীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। একসময় আওয়ামী লীগের মিছিল-সমাবেশে অংশ নিলেও পরবর্তীতে বিএনপির কর্মসূচিতে সক্রিয় হয়।
পুলিশ বলছে—গ্রেফতার ‘সময়সাপেক্ষ’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘রায়হান দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে ধরতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’
রিপোর্টার্স২৪/বাবি