চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিন (৩১) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সূত্রপাত ১১ নভেম্বর রাত ১০টার দিকে। ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় সমিতির পোলের গোড়ায় বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতি রোধ করে রবিন ও তার সহযোগীরা। তার হাতে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পর পালানোর চেষ্টা করলে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এতে বিব্রত হয়ে ডাকাত রবিন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন। এরপর তারা পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
পরদিন নিহত রুহুল আমিনের বাবা অজ্ঞাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার পর ফরিদগঞ্জ থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে একাধিক অভিযান চালায়। হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে র্যাব গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ শাহ আলম জানান, রবিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টার্স২৪/আরকে