নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
বুধবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আগের দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুলু সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মনি স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরে পরিবারের লোকজন আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। পুলিশ ঘটনার কারণ উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন