| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০০:৩১:২৬:পূর্বাহ্ন  |  ২০৫০৫৭৮ বার পঠিত
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ভোররাতে ঘটে যাওয়া এই নাশকতার ঘটনায় বগির বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও বেশি ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশের ওয়াশপিটে ঘটনাটি ঘটে। ওই সময় ট্রেনটি ধোয়া-মোছার জন্য সেখানে দাঁড় করানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন। তিনি জানান, ভোরে দুর্বৃত্তরা ট্রেনের এক বগিতে আগুন ধরিয়ে দেয়। টহলে থাকা আরএনবি সদস্যরা আগুন দেখে দ্রুত এসে নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ২৭ থেকে ৩২ নম্বর সিট আংশিক পুড়ে যায়।

তবে আগুন সত্ত্বেও সকালে ৬টায় ট্রেনটি যথাসময়ে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশে স্টেশন ত্যাগ করেছে বলে নিশ্চিত করেন তিনি। এ ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এলাকায় রাতের বেলায় অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে একটি বগিতে গানপাউডার এবং পেট্রোল ঢেলে আগুন লাগায়।

তিনি আরও বলেন, আমাদের তিন সদস্য কাছাকাছি একজন দুর্বৃত্তকে দেখে ধাওয়া করেছিলেন। কিন্তু অন্ধকারের কারণে তাকে ধরা সম্ভব হয়নি। পরে সদস্যরা নিজেদের জ্যাকেট পানি দিয়ে ভিজিয়ে আগুনের ওপর চাপা দেন এবং দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভান।

পরিদর্শক সিরাজুল জানান, বড় বিপর্যয় ঘটার মতো পরিস্থিতিই তৈরি হয়েছিল। আগুন নেভানোর পরে দেখা যায়, শুধু কয়েকটি সিটই পুড়েনি, বগির আরও কিছু অংশে গানপাউডার ছড়িয়ে রাখা হয়েছিল এবং তাতে পেট্রোল ঢালা ছিল যা আগুন দ্রুত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪