রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা এবং সহিংসতার প্রস্তুতির অভিযোগ সোমবার এবং মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ এবং ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর।
পুলিশ জানায়, পাঁচজনের মধ্যে দুজন কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন এবং একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক ব্যক্তির রায় ঘোষণার দিন এই নেতারা সহিংসতা ও নাশকতা চালানোর চেষ্টা করছিল। গোপন সূত্রে সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তারা আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম