| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০০:৫৭:৫০:পূর্বাহ্ন  |  ১৯৬৮৪৮৪ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রস্তুতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে।

এনসিটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে পরিচালনার জন্য দরপত্র মূল্যায়নে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। গত ১৬ নভেম্বর চবকের সচিব মো. ওমর ফারুক নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চবকের পরিচালনা পর্ষদের সদস্য (অর্থ) ও অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদারকে প্রধান করে এই কমিটি গঠনের অনুমোদন চাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার ঢাকায় দুটি বড় চুক্তি সই হয়। এর মধ্যে রয়েছে, ডেনমার্কভিত্তিক মায়েরস্ক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ৩৩ বছরের জন্য পরিচালনার চুক্তি এবং সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএর সঙ্গে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ২২ বছরের জন্য পরিচালনার চুক্তি।

এদিকে এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। এ বছরের শুরুতে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম রিটটি দায়ের করে।

২০০৭ সালে ২ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল, যেখানে দেশের আমদানি–রপ্তানি কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়। এখন এটি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালনা করছে। বিদেশি অপারেটর দায়িত্ব না নেওয়া পর্যন্ত তারাই কার্যক্রম চালাবে।

অন্যদিকে এনসিটি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালসহ বিদ্যমান টার্মিনালগুলো বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে ‘বন্দর রক্ষা পরিষদ’-এর ব্যানারে মশাল মিছিল বের করা হয়। এতে বন্দর শ্রমিক–কর্মচারীরা অংশ নেন। মিছিলটি বন্দর সংযোগ সড়ক প্রদক্ষিণ শেষে বড়পুল মোড়ে অবরোধ করলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪