রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসননের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সংবাদকর্মীরা একটা জায়গায় প্রতিচ্ছবি। তাদের মাধ্যমেই সারাদেশের মানুষ রাঙামাটি সম্পর্কে জানতে পারবে। রাঙামাটির মানুষের কল্যাণে সকল সাংবাদিকদের সঙ্গে কাজ করতে চাই। এই কাজে আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা ও পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়া।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নাজমা আশরাফীকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম