রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ’।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের সর্বাত্মক হরতালের ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “জেলা পরিষদে কোটা বৈষম্য বাদ দিয়ে সঠিকভাবে নিয়োগ দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। তাই আমরা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”
তারা আরও বলেন, “প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যাও পরিষ্কার করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা ধরে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা বৈষম্যমূলক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে—কোটা প্রথার নামে বৈষম্য আমরা মেনে নেব না।”
হরতাল চলাকালীন রাঙ্গামাটি জেলা শহরের সব সরকারি–বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধের দোকানসহ জরুরি সেবা হরতালের আওতার বাইরে থাকবে বলে তারা জানান।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুক্রবার রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন