| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুমায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১২:১৩:১০:অপরাহ্ন  |  ১২৪৮৩৩৯ বার পঠিত
রুমায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাইক্রী প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও পাঠদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি-শিক্ষকরা পালাক্রমে স্কুলে এলেও নিয়মিত পাঠদান প্রায় বন্ধের পর্যায়ে পৌঁছেছে।

জানা গেছে, ইউএনডিপি পরিচালিত ও পরবর্তীতে জাতীয়করণপ্রাপ্ত এই বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক থাকলেও মাসে সর্বোচ্চ ২ জন শিক্ষক স্কুলে আসেন। ফলে প্রতিদিন পাঠদান নেমে এসেছে মাত্র ১ ঘণ্টায়। এতে নিয়মিত শিক্ষা কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আমাদের পাড়ার স্কুলে প্রায়ই নতুন নতুন মুখ দেখা যায়। ভেবেছিলাম সরকার নতুন শিক্ষক দিয়েছে। পরে বুঝলাম, মাস শেষে বাড়িতে বসেই শিক্ষকরা বেতন তোলেন। মাসে ৭ দিনও আসেন না, আর এলেও ক্লাস হয় মাত্র ১ ঘণ্টা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় বন্ধ। শিশুদের দেখা মিলল পাশের জঙ্গলে ঘুরে বেড়াতে, কেউবা হাতে কান্টা নিয়ে পাখি শিকারে মেতে আছে। গতকাল মঙ্গলবার সকালেও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। নিয়মিত পড়ালেখার সময়টিতে এমন পরিস্থিতি বিদ্যালয়ের চরম অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ।

বিদ্যালয়ের শিক্ষক বামেচিং মারমা স্বীকার করে বলেন, দৈনিক স্কুলে যাওয়া-আসা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ছয়জন শিক্ষক পালাক্রমে পাঠদান করি। মাস শেষে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে দিই। শিক্ষা অফিসারও বিষয়টি জানেন।

তিনি আরও জানান, মাস শেষে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করা সরকারি নথিতে মিথ্যা তথ্য প্রদানের শামিল, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মংপাও ম্রো- এর বিরুদ্ধেও রয়েছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, তিনি নিজ পাড়ায় অবস্থান করলেও নিয়মিত স্কুলে যান না। অধিকাংশ সময় জুমচাষ ও বাগানের কাজে ব্যয় করেন।

তারা অভিযোগ করেন- সরকার তাকে স্কুলে পাঠদানের জন্য বেতন দেয়, কিন্তু তিনি কৃষিকাজে সময় কাটান। এতে আমাদের শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে।

এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানে চলমান অনিয়ম সম্পর্কে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা দ্রুত তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪