জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট-সিএইচডি। বুধবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার দুর্গাদহ বাজারে সংস্থাটির অফিস মিলনায়তনে একশ নারী সদস্যের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক খাদিজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসীরন জাহান।
সংস্থার কর্মকর্তারা জানান, সরকারি বরাদ্দের এই চাল সুবিধাবঞ্চিত নারীদের পরিবারের খাদ্যনিরাপত্তায় স্বস্তি যোগাবে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছেই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও তারা জানান।
দেশের বিভিন্ন এলাকায় দুস্থ পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/আরকে