ফেনী প্রতিনিধি : ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল-শেডে নতুন যোগদানকৃত ২৪ জন পুলিশ কনস্টেবলের জন্য ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত সদস্যদের পেশাজীবনের প্রথম অধ্যায় শুরু হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান তিনি।
হাবিবুর রহমান বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতারই প্রমাণ। বেসিক ট্রেনিং শেষে বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। মহান এই পেশার মর্যাদা ও শৃঙ্খলা সর্বদা অক্ষুণ্ন রাখতে হবে।
এ সময় তিনি নবাগত কনস্টেবলদের সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
রিপোর্টার্স২৪/আরকে