গাজীপুর প্রতিনিধি: গাজীপুর টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সকল পাঠদান কার্যক্রম ও আলিম ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।
জানা গেছে, মাদ্রাসার শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষকের বহিষ্কার, ইত্যাদি ঘটনার জের ধরেই মাদ্রাসাটি বন্ধ করা হয়েছে । এক পর্যায়ে আন্দোলন থামাতে গেলে কয়েকজন শিক্ষক, শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানায়। এমনকি তারা কয়েকজন শিক্ষককে অবরুদ্ধও করে রাখে।
রিপোর্টার্স২৪/মিতু