দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীম ওরফে শুটার শামীমকে (২০) গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার শামীম ফিলিপনগর এলাকার মজিবর রহমানের ছেলে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ডের আগে এলাকায় আধিপত্য, বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরেই সেন্টু চেয়ারম্যানকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। (এ অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের তদন্ত এখনো চলমান।)
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে। গ্রেপ্তারকৃত শামীম ওই মামলার এজাহারের প্রধান আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা অভিযুক্ত হিসেবে উঠে এসেছে।
রিপোর্টার্স২৪/আরকে