নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি মনোনীত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের সমর্থনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, সতের বছর পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। ২০১৮ সালে ধানের শীষে ভোট দেওয়ার ঘটনায় নারীর ওপর যে বর্বরতা ঘটে ছিল তার নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যাতে কোনো নারীর প্রতি সহিংসতা না ঘটে, বিএনপি সে বিষয়ে সচেষ্ট রয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, ১৯৯১ সালে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান প্রথমবার নির্বাচন করেন, যখন সুবর্ণচরে সড়ক ও অবকাঠামো উন্নয়ন ছিল খুবই সীমিত। তিনি অবৈতনিক (বিনামূল্যে) শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, হিন্দু-মুসলিমসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বনদস্যু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচর উপজেলার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, উপজেলা বাস্তবায়ন ও ‘সুবর্ণচর’ নামকরণের মাধ্যমে চরাঞ্চলকে বাসযোগ্য করতে এবং স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে সাহসী নেতৃত্ব দিয়েছেন আলহাজ্ব মো. শাহজাহান। আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে নারীর অধিকার, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ বলেন, সুবর্ণচরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও চরাঞ্চলের উন্নয়নে আলহাজ্ব মো. শাহজাহান অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। নারীদের শক্তিশালী সমর্থনের মাধ্যমে ধানের শীষ বিজয়ী হবে, আমরা আশাবাদী।
সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিপুল সংখ্যক নারী, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে