গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: ইসরাইল হাওলাদার (ডিআইজি, বিপি-৭০৯৮১০৪৫৫৩)। বুধবার (১৯ নভেম্বর) তিনি জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জিএমপি কমিশনার পদে পদায়ন করা হয়।
গত ২ সেপ্টেম্বর নানা বিতর্কের মধ্যে গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়। এরপর প্রায় আড়াই মাস জিএমপি কমিশনারের পদ শূন্য ছিল এবং ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান।
নতুন কমিশনার জিএমপি সদর দপ্তরে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। পরে গার্ড অফ অনার প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত কমিশনার জিএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন, উপস্থিত ছিলেন সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
মো: ইসরাইল হাওলাদার পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ডিএমপি ও জিএমপিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে কাজের পর শিল্প পুলিশের দায়িত্বেও নিখুঁত সেবা প্রদান করেছেন।
গাজীপুর পুলিশ প্রশাসন জানিয়েছে, নবাগত কমিশনার দ্রুত কার্যক্রম শুরু করে শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও শক্তিশালী করার উদ্যোগ নেবেন।
রিপোর্টার্স২৪/আরকে