নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা, পাতা খেলা, হাড়ি ভাঙা খেলা এবং বাউল সঙ্গীতের আসর। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বদলগাছী উপজেলা শ্রমিক দল ও কোলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো আয়োজনে লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হাড়ি ভাঙা খেলা। পাতা খেলায় শিশুদের এক ভিন্ন রকম উৎসাহ দেখা যায়। খেলায় অংশ নেওয়া ছেলেরা গামছা দিয়ে পাতা টানার চেষ্টায় ব্যস্ত থাকে। এ সময় শিশুসহ প্রায় ১০ হাজার নারী-পুরুষ খেলাগুলো উপভোগ করেন।
কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, যিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।
শ্রমিক নেতা রিপন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার, সদস্য নুরুল ইসলাম, মহিলা দলের সদস্য মনিরা সুলতানা, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
ক্ষুদে শিক্ষার্থী মাহি, বৃষ্টি ও ফাতেমা জানান, “খবর পেয়ে আসি, খুব আনন্দ হলো। গ্রামীণ খেলাগুলো দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ।”
স্থানীয় আব্দুর রাজ্জাক ও সোবহানসহ অনেকে বলেন, “গত ৫-৭ বছর আগে একবার এসব খেলা হয়েছে। ফজলে হুদা বাবুলের উদ্যোগে আজ আবার আয়োজন হয়েছে। গ্রামীণ খেলাগুলো দেখতে ভালো লাগে।”
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “গ্রামীণ এই আদি খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। প্রতিটি খেলাই আমাদের ঐতিহ্য বহন করে। আমি চাই বর্তমান প্রজন্ম এ খেলাগুলো জানুক ও দেখুক। দর্শকরা আজ খেলাগুলো সুন্দরভাবে উপভোগ করেছে। আমি এলাকায় গ্রামীণ খেলাগুলো ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব।”
রিপোর্টার্স২৪/এসএন