রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘কোটা বিরোধী ঐক্যজোট’। বৃহস্পতিবার দুপুরে শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।
সংগঠনের নেতারা বলেন, আমরা নিয়োগ বন্ধের পক্ষে নই।আমরা স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতে আন্দোলন করছি। বৈষম্যমূলক পরীক্ষা স্থগিত হওয়ায় হরতাল প্রত্যাহার করছি।তবে আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে।
কোটা বিরোধী ঐক্যজোটের ছয় দফা দাবিগুলো হলো:
১. ৭ শতাংশ কোটা ও ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ।
২. প্রশ্নপত্র ফাঁস রোধে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রস্তুত।
৩. জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে প্রশ্নপত্র সংরক্ষণ।
৪. জেলা প্রশাসনের অধীন খাতা মূল্যায়ন।
৫. পরীক্ষা শুরুর আগে উপজেলাভিত্তিক কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ।
৬. পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর প্রকাশ।
তারা আরও জানান, শনিবারের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না দেখা গেলে নতুন কর্মসূচি ঘোষিত হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া অবশ্যই চলতি নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে।
এর আগে জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সড়ক ও নৌপথে হরতাল পালন করছিল বিভিন্ন সংগঠন। এতে জেলার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। পরে হরতালের মধ্যেই দুপুরে সংবাদ সম্মেলন করে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ ঘোষণার প্রেক্ষিতে দুদিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
রিপোর্টার্স২৪/ঝুম