রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে বাসার গেটে আগুন ধরার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল। উদ্দেশ্য নিয়ে কেউ আগুন ধরিয়েছে বলে ধারণা করছি। হয়তো আমরা যাওয়ার আগে গেটের সামনে আগুন আরও বেশি জ্বলে থাকতে পারে। তবে আমরা তা দেখতে পাইনি। এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সম্প্রতি ধানমণ্ডি ৩২ এর বাড়িটি ভাঙার জন্য কিছু ছাত্র সেখানে জড়ো হয়। তবে পুলিশ ও সেনাবাহিনীর বাধায় সেটা সম্ভব হয়নি। এ সময় পুলিশ কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে ভাইরাল হন রাফিয়া।
এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন