স্টাফ রিপোর্টার: নরসিংদীর গাবতলীতে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ধাক্কায় বাড়ির দেওয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বাবা উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় বাবা ও ছেলে বাসায় ছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে উভয়ের ওপর পড়ে। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর অবস্থায় ঢামেকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। তার বাবা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
নিহত শিশুর পরিবারের তথ্য অনুযায়ী, ওমর একটি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত। তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার মূলত কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়ায় বসবাস করছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত শিশুর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বাবা উজ্জ্বল গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।
রিপোর্টার্স২৪/এসসি