লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে ২৯টি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এতে মোট বাইশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে গত তিনদিনে রামগতিতে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। এ সময় উচ্ছেদের পাপশাপাশি ইটভাটা মালিকদের জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল আলম ভূঁইয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে চলতি নভেম্বর মাসে সমগ্র জেলায় ২০ নভেম্বর পর্যন্ত মোট ২৯ টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।
এদিন রামগতির উপজেলায় সিরাজ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ও বিসমিল্লাহ ব্রিকসের দুই লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়। আগেরদিন বুধবার ভাই ভাই ব্রিকসের দুই লাখ, মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৪ লাখ কাঁচা ইট বিনষ্ট এবং ৫ লক্ষ টাকা জরিমানা করে প্রশাসন।
অন্যদিকে মঙ্গলবার মেসার্স আদর্শ ব্রিকসের দেড় লাখ, এসকে ব্রিকসের ৫০ হাজার, ফাইভস্টার ব্রিকসের তিন লাখ ইট বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। অভিযানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল আলম ভূঁইয়া।
রিপোর্টার্স২৪/ধ্রুব