রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং ‘পিসি আবির গ্রুপ’-এর প্রধান আবিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী আব্বাস (১৯) ও সিয়াম (১৯)–কেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই ও দুটি ইলেকট্রিক শক ডিভাইস জব্দ করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
এসি মামুন জানান, পিচ্চি আবির দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও শহিদুল ওসমান মাসুম এ অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, পিচ্চি আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি ও ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের পর গত ৫ আগস্ট কেরানীগঞ্জ জেলখানা থেকে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি