রিপোর্টার্স২৪ডেস্ক: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’। শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপির ডেপুটি পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক খালেদ আবদুল, ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক মোনাতষ ঘোষ, সাউদানি ইউনিভার্সিটির ভিসি ড. আশরাফুর জामান এবং প্রতিযোগিতার আয়োজক রনি দাশ।
এবারের আসরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জনের বেশি অ্যাথলেট অংশ নিয়েছেন। জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স—এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী বডিবিল্ডারদের শারীরিক গঠন, পেশির সুষমতা, উপস্থাপনা ও সামগ্রিক ফিটনেসের ভিত্তিতে বিচার করবেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের স্বীকৃত বিচারকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শারীরিক ফিটনেস শুধু খেলাধুলার জন্য নয়, এটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পূর্বশর্ত। এমন আয়োজন যুবসমাজকে ইতিবাচক পথে উৎসাহিত করে।”
বক্তারা বলেন, বডিবিল্ডিংয়ে চট্টগ্রাম বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত জরুরি।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরির সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ‘মিস্টার চট্টগ্রাম ২০২৫’ নির্বাচিত বিজয়ীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
রিপোর্টার্স২৪/বাবি