কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রেফাজুল একই এলাকার জামাত আলীর ছেলে।
এ সময় দুর্বৃত্তরা লালন মণ্ডল (৫০) নামের স্থানীয় এক চা বিক্রেতাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় দোকানের সামনে থাকা চা বিক্রেতা লালন মণ্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একরামুল হক বলেন, আহত লালনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তার শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
রিপোর্টার্স২৪/আরকে