| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৬:০২:৫৮:পূর্বাহ্ন  |  ১২৩৯০৮২ বার পঠিত
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার নয় বছরের সন্তান ওমরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে বাবা-ছেলেকে দাফন করা হয়।

নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। তারা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে দেলোয়ার পরিবারসহ নরসিংদী শহরের গাবলতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন তারা। এসময় পাশের নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ধসে দেলোয়ার, তার দুই মেয়ে ও ছেলে ওমর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছেলে ওমরকে মৃত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের জীবনাবসান ঘটে।

একই ঘটনায় দেলোয়ারের দুই মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪